মাছি নয়, সাংবাদিকদের হওয়া উচিত মৌমাছির মতো: মোদি

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ২১:৪২



ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংবাদিকদের মাছি নয়, মৌমাছি হওয়ার পরামর্শ দিলেন। রবিবার আসামে দেশটির উত্তর পূর্বাঞ্চলের শীর্ষ ইংরেজী দৈনিক দ্য আসাম ট্রিবিউনের হীরক জয়ন্তী অনুষ্ঠান উদ্বোধনকালে মোদি বলেন, ‘সাংবাদিকদের হওয়া উচিত মৌমাছির মতো যারা একইসঙ্গে মধু আহরণ করবেন ও হুলও ফোটাবেন। সাংবাদিকদের মাছির মতো হওয়া উচিত নয়। কারণ মাছি কেবল নোংরা ছড়ায়।’

মোদি বলেন, গতিশীল এ সমাজে মিডিয়া বর্তমানে ব্যাপক চ্যালেঞ্জের মুখে রয়েছে। আগে আমরা ২৪ ঘন্টায় একবার সংবাদ পেতাম। এখন এক মিনিটেই পাচ্ছি অন্তত ২৪টি সংবাদ। কিন্তু সংবাদ মাধ্যমের চ্যালেঞ্জ এখন বিশ্বাসযোগ্যতার আর আস্থার।

তিনি বিশ্বাসযোগ্যতাকে মিডিয়ার সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, আগে কি আমরা কোনো দোকানে দেখেছি ‘এখানে খাঁটি ঘি পাওয়া যায়’ এ ধরণের বিজ্ঞাপন। কিন্তু এখন আমরা দেখি। একইভাবে মিডিয়ার ক্ষেত্রেও আমরা দেখি ‘সত্য খবর’, ‘দ্রুত খবর’ ইত্যাদি নানা ধরনের শ্লোগান যা খবরের যথার্থতা সম্পর্কে আমাদের হুঁশিয়ার করে। মোদি আরো বলেন, সংবাদ মাধ্যম চালু করা সহজ কিন্তু বিশ্বাসযোগ্যতা বজায় রাখা কঠিন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তখনই আমরা উপলদ্ধি করতে পারি যখন এটি অস্বীকার করা হয়, যেন অনেকটা নিঃশ্বাস নেয়ার মতো। দুসেকেন্ড নিঃশ্বাস না নিতে পারলেই বুঝা যায় এর গুরুত্ব কতো।’