ছোট পোশাক পড়ায় গহর খানকে থাপড়!

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৪, ১২:১৪
বলিউড অভিনেত্রী ও মডেল গহর খানকে থাপড় মারা ও নিগৃহীত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  রবিবার মুম্বাইয়ের ফিল্ম সিটিতে একটি রিয়ালিটি শোর শুটিং চলাকালে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। খবর: টাইমস অব ইন্ডিয়ার।
টাইমস অব ইন্ডয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রিয়ালিটি শোতে গহর খানকে ছোট পোশাক পড়া দেখে বেজায় চটেছিলেন মোহাম্মদ আকিল মালিক (২৪) নামের ঐ যুবক। এছাড়া গহরের নাচটিও তার কাছে সস্তা মনে হয়েছে। 
ফিল্ম সিটির ৯ নম্বর স্টুডিওতে টেলিভিশনের একটি মিউজিক রিয়ালিটি শোর গ্র্যান্ড ফিনালের শুটিং ছিল। এটির উপস্থাপক ছিলেন গহর খান। অনুষ্ঠানে দর্শক হিসেবে এসেছিলেন মালিক।
কর্মকর্তাদের ভাষ্য, গহরের ওপর নজর রাখছিলেন মালিক। রাত আটটার দিকে শুটিং শুরু হলে হঠাৎ করে মঞ্চে উঠে যান তিনি। গহরকে স্পর্শ করার চেষ্টা করেন মালিক। কিন্তু গহর সরে যান ও বাধা দেন। একপর্যায়ে গহরকে থাপড় মারেন তিনি।
পুলিশ জানিয়েছে, দণ্ডবিধির বিভিন্ন ধারায় মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে সোমবার আদালতে তোলা হবে।