জব্বারের পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৪, ১৭:২৭
 
 
ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন সোমবার শুরু হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে বিচারিক প্যানেলে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান যুক্তিতর্ক পেশ শুরু করেন। 
জ তিনি এ আসামির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে যুক্তি তুলে ধরেন। মামলার কার্যক্রম বুধবার পর্যন্ত মূলতবি করা হয়েছে। ওই দিন আসামিপক্ষে আইনি পয়েন্টে যুক্তি পেশ করা হবে।
গতকাল রোববার তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করে প্রসিকিউশন। 
প্রসিকিউটর জাহিদ ইমাম এই আসামির বিরুদ্ধে আনীত ৫টি অভিযোগ বিষয়ে অভিযোগভিত্তিক ও প্রসিকিউটর তাপস কান্তি বল আজ আইনি পয়েন্টে যুক্তি পেশ করেন। 
প্রসিকিউশনের শেষ ও ২৪ তম সাক্ষি মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) হেলাল উদ্দিনকে আসামিপক্ষে জেরা শেষ করার মধ্য দিয়ে গত ১৭ নভেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
মঠবাড়িয়ার সাবেক সংসদ সদস্য ও জাাতীয় পার্টির নেতা জব্বারের বিরুদ্ধে গত ১৪ আগস্ট অভিযোগ গঠন করা হয়। ৭ সেপ্টেম্বর সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। 
এর আগে ৮ জুলাই ট্রাইব্যুনালের এক আদেশে বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্বারকে গ্রেফতার করতে পারেনি। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির হননি জব্বার। এ জন্য তাকে পলাতক ঘোষণা করা হয়। 
গত ১২ মে তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনীত পাঁচটি অভিযোগ আমলে নিয়ে তাকে গ্রেফতার পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। অভিযোগের মধ্যে রয়েছে হত্যা, গণহত্যা, ধর্মান্তকরণ, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধ।