তারেকের পিএস অপুর বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৪, ১৯:২৪
 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাবেক পিএস মিয়া নুর উদ্দিন ওরফে অপুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
হাইকোর্টের এই আদেশের ফলে মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
২০০৭ সালের ওয়ান ইলেভেনের পর থেকেই অপু পলাতক ছিলেন। বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামিদের বিদেশ পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে ২১ কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে ২০০৭ সালের ৪ অক্টোবর দুদক এই মামলা দায়ের করে। ২০০৮ সালের ১৪ জুলাই আদালত এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অপু এই মামলার এজাহারভুক্ত আসামি।
গত ১৮ জুন দেশে ফিরে তিনি আদালতে আত্নসমর্পণ করেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়। এরপর এই মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে অপু।
আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান এবং অপুর পক্ষে আইনজীবী এসএম শাহজাহান ও মো. সগীর হোসেন লিওন শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট ওই আবেদন খারিজ করে দেয়।