যত হুমকিই আসুক যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হবে : সৈয়দ আশরাফ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৪, ১৯:৫২
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকার যে কোন ধরনের বাধা ও হুমকি উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করবে। 
সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে যাদুঘরের সামনে মুক্তিযোদ্ধা কমান্ড কেন্দ্রীয় কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 
তিনি বলেন, ভবিষ্যতে সব রাজাকারের বিচার করা হবে। যত ধরনের হুমকি আসুক না কেন কেউ যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা থেকে বিরত রাখতে পারবে না। 
‘মুক্তিযোদ্ধা দিবস’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মুর্শেদ খান বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদের ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন, মহাসচিব মো. আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন পাহাড়ী, ঢাকা মহানগর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আমির হোসেন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। 
সৈয়দ আশরাফ বলেন, ‘অনেক সময় মনে হয়, মুক্তিযুদ্ধ করাটাই ছিল অপরাধ। এতোবড় যুদ্ধ, এতো বড় আত্মত্যাগ। অথচ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলে। এ দেশের স্বাধীনতা গোলটেবিলে আলোচনার মাধ্যমে আসেনি। লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। পৃথিবীর খুব কম জাতিই আছে, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তাই নতুন প্রজন্মকে এ ইতিহাস জানাতে হবে।