কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় ভৈরব উপজেলার গুদাম থেকে ৫৮ হাজার (তিন হাজার মে: ট:) বস্তা সার লাপাত্তার বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছে।
আব্দুল মান্নানকে আহবায়ক করে মো: নজরুল ইসলাম বাবু, মো: নুরুল ইসলাম ওমরকে সদস্য করে গঠিত এ সাব কমিটিকে মাসের মধ্যে এ বিষযে রিপোর্ট প্রদানের পরামর্শ দেয়া হয়েছে।
আজ সংসদ ভবনে কমিটির সভাপতি মো: মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সাব কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্য কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, মো: আব্দুর রাজ্জাক, মো: মোসলেম উদ্দীন, আব্দুল মান্নান, মো: মামুনুর রশিদ কিরন, এ, কে, এম রেজাউল করিম তানসেন এবং মো: নুরুল ইসলাম ওমর সভায় অংশগ্রহণ করেন।
সভায় কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং এর অগ্রগতিতে সমস্যাবলী চিহ্নিতকরণ ও সম্ভাব্য উত্তরণের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটে রাজস্ব খাতে নতুন পদ সৃজন করে বিজ্ঞানী ও অন্যান্য জনবলের পদসংখ্যা বৃদ্ধি, কর্মরত বৈজ্ঞানিকদের দেশ ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, প্রয়োজনীয় ল্যাবরেটরি, আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং নতুন গবেষণা কার্যক্রম গ্রহণের জন্য অধিক পরিমানে বাজেট বরাদ্দের সুপারিশ করা হয়।
সভায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কার্যক্রম, সারের সরবরাহ উত্তোলন, বিক্রয় মূল্য, পরিস্থিতি পর্যবেক্ষণ, সার ডিলার বাছাই, ডিলারদের কার্যক্রম মূল্যায়নসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট জেলার সকল সংসদ সদস্যকে বৈঠকে উপস্থিত থাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খবর বাসস।
