আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, বিএনপি নির্বাচনের রাজনীতি করতে চাইলে গণতান্ত্রিক দল হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে এবং সহিংসতার পথ বর্জন করতে হবে।
তিনি বলেন, তাদের সাম্প্রদায়িক রাজনীতি এবং জঙ্গীবাদের সঙ্গ ত্যাগ করতে হবে । তা হলেই তারা নির্বাচনের রাজনীতিতে আসতে পারে। তবে তার জন্য তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তিনি সোমার বিকেলে জেলার দিরাই উপজেলার বিএডিসি মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলতাব উদ্দিনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সাংসদ মতিউর রহমান।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ১৯৭৫ সালের পর যে সংবিধানকে ক্ষত-বিক্ষত করা হয়েছিল সেই সংবিধানকে সংশোধন করে সুরঞ্জিত সেন প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। এ জন্যে ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে।
তিনি বলেন, যে তৃণমূলের ওপর ভরসা করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, দলের নেতৃত্ব দিচ্ছেন, সেই তৃণমূলই হচ্ছে আওয়ামী লীগের মূল ভিত্তি। ২০২১ সালে নতুন প্রজন্মের হাতে তিনি আওয়ামী লীগকে তুলে দিতে কাজ করছেন। নতুন প্রজন্মের ঠিকানা সজিব ওয়াজেদ জয়ের হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জনসভায় আরো বক্তব্য রাখেন, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, মহিবুর রহমান মানিক এমপি, সামসুন নাহার বেগম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট প্রমুখ।
