সোমবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মালিক আব্দুল্লাহ্ আল আমিন নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু জিহাদ হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আদালত যাবজ্জীবন দণ্ড পাওয়া দুই আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করে নিহত জিহাদের পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার মো. সাদেক, ওয়াসিম ও আব্দুস সালাম শিকদার। যাবজ্জীবন দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন একই এলাকার মো. স্বপন ও লাকী আক্তার। এঁদের মধ্যে ওয়াসিম, সালাম ও লাকী পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৬ জুন ফতুল্লার পশ্চিম ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার বাড়ি থেকে সাড়ে চার বছর বয়সী জিহাদকে মুক্তিপণের জন্য অপহরণ করে নিয়ে যায় আসামিরা। অপহরণকারীদের চিনে ফেলায় ২৭ জুন জিহাদকে ঘুমন্ত অবস্থায় কাঁচপুর সেতুর ওপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যা করা হয়।
