ইন্টারনেটে রাজ্য শাসন!

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ১১:৩২
আফ্রিকার দক্ষিণ-পূর্ব ঘানার হোহেই এলাকার রাজা  ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে  রাজ্য শাসন করে যাচ্ছেন। ভিডিও চ্যাটের মাধ্যমে রাজ্যের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন শাসন কাজে জড়িত সংশ্লিষ্টদের।
হোহেই রাজা টোগবে গোরিফিয়া সেফাস কোসি বানাস জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকেই স্কাইপে ও টেলিফোনের মাধ্যমে দেশ হোহের দুই লাখ মানুষকে নিয়ন্ত্রণ করেন।  দেশের মানুষদের স্বাস্থ্য নিরাপত্তায় তিনি গড়ে তুলেছেন হাসপাতাল। এছাড়া শিক্ষার জন্যও তিনি কাজ করে যাচ্ছেন।
৬৬ বছর বয়সী টোগবে বিদেশি ছাত্র বিনিময় প্রোগ্রামের আওতায় জার্মানিতে যান। সেখানে গ্যাব্রিয়েল নামে এক জার্মান তরুণীর প্রেমে  মত্ত হয়ে সংসারের জাল বুনেছেন।
টোগবে ফ্রাঙ্কফুর্টের ৪৯ মাইল দক্ষিণে লুডভিগশাফেন গ্রামে গড়ে তোলেন নিজের প্রাসাদ। এরপর থেকে সেখানেই রয়ে যান  আফ্রিকান এ রাজা।
তবে সম্প্রতি তার সেই প্রাসাদ থেকে চুরি গেছে উত্তরাধিকার সূত্রে পাওয়া ঐতিহ্যের ধারক রাজদণ্ড, মুকুট ও সোনার চেইন। সেই বাড়ি থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজকীয় জিনিসগুলো চুরি যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দোতলার বারান্দা দিয়ে চোর বাড়িতে প্রবেশ করে। দরজা খুলে ক্যাবিনেট ভেঙে সবকিছু লুটে নিয়ে গেছে।’
টোগবের চুরি যাওয়া এসব জিনিসের দাম অবশ্য খুব বেশি নয়। সর্বসাকুল্যে ১৫ হাজার ৯শ ডলার। তবে যতোই কম দামী হোক টোগবের দাবি এগুলো তার পরিবারের ও দেশের এমন স্মৃতিচিহ্ন যেগুলো ক্ষতিপূরণ হওয়ার নয়।
দাদার মৃত্যুর পর ১৯৮৭ সালে সিংহাসনে বসেন টোগবে। তাকে তার বাবা ও বড় ভাইয়ের পরিবর্তে ক্ষমতায় বসানো হয়। কারণ তারা দুজনই ছিলেন বাঁ-হাতি। স্থানীয়দের বিশ্বাস বাঁ-হাতিরা অপরিচ্ছন্ন ও অসৎ হয়।