সাউথ স্ট্রিম গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে রাশিয়া আর অগ্রসর হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। তুরস্ক ভ্রমণকালে পুটিন বলেন, রাশিয়া এর পরিবর্তে তুরস্ক-গ্রিস সীমান্তে একটি গ্যাস মজুদ কেন্দ্র তৈরি করবে। বক্তব্যদানকালে পুটিনের পাশে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। খবর বিবিসির।
সাউথ স্ট্রিম পরিকল্পনার বিরোধিতা করার জন্য পুটিন ইউরোপের দেশগুলোর সমালোচনা করেন। প্রকল্পটির জন্য অর্থ ব্যয় করেছিল রাশিয়া। কৃষ্ণসাগরের তলদেশ দিয়ে দক্ষিণ ও মধ্য ইউরোপে গ্যাস সরবরাহের জন্য একটি পাইপ লাইন তৈরির পরিকল্পনা করেছিল রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি গ্যাজপ্রম। ২০১৩ সালের অক্টোবরে শুরু হয়ে কয়েক মাস পর স্থগিত হয়ে যায় প্রকল্পটি। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন— সম্পূর্ণ রাজনৈতিক কারণে প্রকল্পটি স্থগিত করে দেয় ইউরোপীয় কমিশন। পুটিন বলেন— ইউরোপের নেতৃবৃন্দ না চাইলে রাশিয়া এই প্রকল্প নিয়ে বসে থাকবে না। রাশিয়া তার জ্বালানি সম্পদকে অন্য পথে রপ্তানি করবে।
