গাম্বিয়ার বিশেষায়িত শিল্পে বাংলাদেশি শ্রমিক নিয়োগের আহ্বান

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ১৭:২৬
 
 
 
 
গাম্বিয়ার বিভিন্ন বিশেষায়িত শিল্প খাতে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সফররত গাম্বিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধির প্রতি এ আহ্বন জানান ডিসিআইর সভাপতি মোহাম্মদ শাহজাহান খান। মঙ্গলবার চেম্বার ভবনে দ্য রিপাবলিক অব গাম্বিয়ার বাণিজ্য, শিল্প, আঞ্চলিক যোগাযোগ এবং কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আবদোলি জোবের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাত্ করেন। বাংলাদেশসহ ভারতে নিযু্ক্ত গাম্বিয়ার রাষ্ট্রদূত ডেমবো এম বাদজি এবং গাম্বিয়ার বাংলাদেশেল কনসুল কাজী খুররম আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা চেম্বারের সচিব এএইচএম রেজাউল কবির এবং গাম্বিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা এলিউ সিককা নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান প্রতিনিধিদলকে বলেন, বাংলাদেশ ও গাম্বিয়া কৃষি ও কৃষিজাত পণ্য এবং এ বিষয়ক প্রযুক্তি উন্নয়ন ও সম্প্রসারণে একযোগে কাজ করতে পারে। তিনি প্রতিনিধিদলের সদস্যবৃন্দকে বাংলাদেশ থেকে কেমিক্যাল, চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক পণ্য প্রভৃতি আমদানি করার আহ্বান জানান। তিনি দুই দেশের বাণিজ্য উন্নয়নে সাংস্কৃৃতিক যোগাযোগ আরো বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আবদোলি জোবে  বাংলাদেশের ব্যবসায়ীদের গাম্বিয়ায় প্রতিনিধিদল প্রেরণ এবং বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানান। গাম্বিয়ার বিনিয়োগ এবং রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাটও এমবেনঙ্গা জেলো বাংলাদেশের ব্যবসায়ীদের গাম্বিয়ায় কৃষি ও কৃষিজাত পণ্য, পর্যটন, মত্স্যখাত, অবকাঠামো ও যোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক এবং  তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন— বিদেশি বিনিয়োগকারীরা গাম্বিয়ায় বিনিয়োগের ক্ষেত্রে শতভাগ মালিকানা ভোগ করে থাকেন এবং তাদের জন্য ট্যাক্স হলিডে-সুবিধা চালু রয়েছে।