প্রতিবন্ধীদের জন্য একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ১৭:৫০
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের কল্যাণে সমাজের সচেতন মানুষ, দেশে-বিদেশে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বেসরকারি সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকার বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের ২০১৩ ও নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩ প্রণয়নসহ বেশকিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী বলেন,‘ তাদেরকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমেই আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি।’
মঙ্গলবার আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন। 
তিনি দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন,বিশ্বায়নের এই যুগে উন্নত প্রযুক্তির সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে এবার ২৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়ন : প্রযুক্তি প্রসারণ’ সময়োচিত হয়েছে।
শেখ হাসিনা বলেন,প্রতিবন্ধিকতা আজ আর প্রতিবন্ধকতা নয়। আমাদের দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নত প্রযুক্তি ব্যবহারের সাথে সম্পৃক্ত করে প্রতিবন্ধিকতাকে জয় করতে হবে। এর ফলে প্রতিবন্ধী জনগোষ্ঠি উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা পেলে তারা দেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে। আর বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে উন্নয়নের পথে।
তিনি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০১৪ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।  খবর বাসস।