মালয়েশিয়া দরিদ্রদের সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট প্রদানে কামরাঙ্গীরচরে কম খরচে আবাসন প্রকল্পের আগ্রহ প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নিম্ন আয়ের লোকদের জন্য আবাসন প্রকল্পের অনুরোধ জানালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ দূত শ্রী সামী ভেল্লু এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেল স্যুটে সামী ভেল্লু সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী আজ তিন দিনের সফরে কুয়ালালামপুর পৌঁছেছেন।
বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, তাঁরা বাংলাদেশে বিনিয়োগ সংক্রান্ত বিষয়; বিশেষ করে ব্যাপক আকারের আবাসন প্রকল্প ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দূতের আলোচনায় তিনটি বিষয় এসেছে। এগুলো হলো- ঢাকার কামরাঙ্গীরচরে নিম্ন আয়ের লোকদের জন্য আবাসন নির্মাণ, চট্টগ্রামে সিঙ্গেল মোরিংয়ে একটি ক্রুড অয়েল টার্মিনাল নির্মাণ ও মালয়েশিয়া থেকে রেল কোচ আমদানি।
প্রধানমন্ত্রী প্রধানত কামরাঙ্গীরচরে নিম্ন আয়ের লোকদের জন্য বহুতল ভবন নির্মাণের জন্য দূতকে অনুরোধ জানান।
সামী ভেল্লু বাংলাদেশের এই প্রস্তাবে আগ্রহ দেখিয়েছেন উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, এই প্রকল্পে সাশ্রয়ী মূল্যে দরিদ্ররা ফ্লাট পাবেন।
মালয়েশিয়ার দূত চট্টগ্রামের বন্দর এলাকায় সিঙ্গেল মোরিংয়ে ক্রুড অয়েল হ্যান্ডলিং টার্মিনাল নির্মাণে আগ্রহ দেখিয়েছে।
পররাষ্ট্র সচিব বলেন, সামী ভেল্লু প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশে চারশ’ রেলওয়ে কোচ বিক্রির প্রস্তাব দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। খবর বাসস।
