পরিবর্তন করা হচ্ছে ইসির ওয়েবসাইটের ঠিকানা

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ২১:৪২
 
 
 
 
নানা ধরনের জটিলতার কারণে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের ঠিকানা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। www.ec.org.bd  এই নামে নতুন ডোমেইন নিবন্ধন করার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির বর্তমান ওয়েবসাইট www.ecs.gov.bd পরির্বতন করে নতুন ঠিকানায় ওয়েবসাইট চালু করা হবে বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা। তবে এতে ক্ষোভ প্রকাশ করে ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, নতুন ওয়েবসাইটটির ঠিকানা দেখে মনে হবে নতুন কমিশন কোনো বেসরকারি প্রতিষ্ঠান। এটা কখনো হতে পারে না।
মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসির সিস্টেম এনালিস্ট কাজী মুহাম্মদ জিয়াউল হক স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন বাংলাদেশের সিদ্ধান্ত অনুযায়ী www.ec.org.bd-এর জন্য ডোমেইন নিবন্ধন করা হবে। এ জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির বিভাগীয় প্রকৌশলীকে (প্রশাসন ও সমন্বয়) অনুরোধ করা হয়েছে।