দাউদ মার্চেন্ট ফের ঢাকায় গ্রেফতার

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ২৩:৫৯

ভারতের মুম্বাইয়ের অপরাধ জগতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা ও সঙ্গীত পরিচালক গুলশান কুমার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রউফ দাউদ মার্চেন্ট (৪৫) ফের ঢাকায় গ্রেফতার হয়েছেন। সোমবার কাশিমপুর কারাগার থেকে মুক্তির পর ভোররাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আজ বুধবার তাকে আদালতে হাজির করা হবে।

মুম্বাইয়ের সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের স্বত্বাধিকারী গুলশান কুমার ১৯৯৭ সালের ১২ আগস্ট আন্ধেরি এলাকার একটি মন্দির থেকে বের হবার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ২০০১ সালে গ্রেফতার হয় ভাড়াটিয়া খুনি দাউদ মার্চেন্ট। ২০০২ সালে আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করে। রায়ের বিরুদ্ধে আপিল করে দাউদ। এরপর ২০০৯ সালে মায়ের মৃত্যুর কারণে ১৪ দিনের জন্য পারোলে মুক্তি পাওয়ার পর পালিয়ে যান। আর ঐ বছরের ২৮ মে বাংলাদেশের  ব্রাহ্মণ-বাড়িয়া মুড়ালিপাড়া থেকে এক সহযোগীসহ তাকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। পাসপোর্ট আইনে একটি মামলাও হয়। মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়,  সোমবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। গোয়েন্দা পুলিশ বিষয়টি জানতে পারে মুক্তি পাওয়ার পরে। এরপর ব্যাপক অনুসন্ধান চালিয়ে ভোররাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়। ভারত সরকার তাকে ফিরে পেতে আগ্রহী।
ডিআইজি প্রিজন (ঢাকা) গোলাম হায়দার জানান, একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন দাউদ মার্চেন্ট। গত ১৯ নভেম্বর তিনি আদালত থেকে জামিন পান। আর সেই জামিনের নথিপত্র কারাগারে পৌঁছে গত ২৯ নভেম্বর। সবকিছু যাচাই-বাছাই করে সোমবার সন্ধ্যায় কারাগার থেকে তিনি মুক্তি পান।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলার তাকে জানিয়েছেন, দাউদ মার্চেন্ট মুক্তি পাচ্ছেন বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে আগে থেকেই অবহিত করা হয়েছে।