মালয়েশিয়া দরিদ্রদের জন্য সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট প্রদানে কামরাঙ্গীরচরে কম খরচে আবাসন প্রকল্পের আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নিম্ন আয়ের লোকদের জন্য আবাসন প্রকল্পের অনুরোধ জানালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ দূত সামী ভেল্লু এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। গতকাল সন্ধ্যায় গ্র্যান্ড হায়াতের প্রধানমন্ত্রীর হোটেল স্যুটে সামী ভেল্লু সৌজন্য সাক্ষাত্ করেন। প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার তিন দিনের সফরে কুয়ালালামপুর যান। এরপর দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, তারা বাংলাদেশে বিনিয়োগ সংক্রান্ত বিষয়; বিশেষ করে ব্যাপক আকারের আবাসন প্রকল্প ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দূতের আলোচনায় তিনটি বিষয় এসেছে। এগুলো হলো- ঢাকার কামরাঙ্গীরচরে নিম্ন আয়ের লোকদের জন্য আবাসন নির্মাণ, চট্টগ্রামে সিঙ্গেল মোরিংয়ে একটি ক্রুড অয়েল টার্মিনাল নির্মাণ ও মালয়েশিয়া থেকে চারশ’ রেলওয়ে কোচ আমদানি। পররাষ্ট্র সচিব বলেন, আবাসন প্রকল্পে সাশ্রয়ী মূল্যে দরিদ্ররা ফ্ল্যাট পাবেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া মালয়েশিয়ার গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রোটন শিগগিরই তাদের গাড়ি তৈরির কারখানা বাংলাদেশে স্থাপন করবে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও প্রোটনের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা বলেছেন। প্রধানন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বলেন, মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে মাহাথিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সূত্র-বাসস।
