মানবতাবিরোধী অপরাধ মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পিরোজপুরের পলাতক আবদুল জব্বারের বিরুদ্ধে রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন।
শুনানির শেষ দিন জব্বারের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আবুল হাসান। রাষ্ট্রপক্ষে সমাপনী যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর জাহিদ ইমাম ও তাপস কান্তি বল।
আবদুল জব্বারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের মোট পাঁচটি অভিযোগ রয়েছে। এসব অভিযোগে মোট ২৪ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।
