গত ১ নভেম্বর সারাদেশ বিদ্যুত্ বিপর্যয়ের ঘটনা তদন্তে গঠিত কমিটি বুধবার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। বিকেলে বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসুরল হামিদ-এর কাছে এ প্রতিবেদন জমা দেয়া হয়। দু’এক দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী।
এর আগে সকালে রাজধানীর বিদ্যুত্ ভবনে আয়োজিত এক সেমিনার শেষে বিদ্যুত্ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আজ অফিশিয়ালি আমার কাছে প্রতিবেদন জমা হবে। এক দুই দিন সময় চাচ্ছি; প্রতিবেদন দেখে আপনাদের সঙ্গে কথা বলব।’
এ প্রসঙ্গে তদন্ত কমিটির সদস্য পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন ইত্তেফাককে বলেন, ‘তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি।’ প্রতিবেদনে বিদ্যুত্ বিপর্যয়ের কারণ সুনির্দিষ্ট করা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অতীতে যা ঘটেছে ভবিষ্যতে যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সুপারিশ করা হয়েছে। আর বিস্তারিত আগামীকাল বৃহষ্পতিবার আপনাদের জানানো হবে।
উল্লেখ্য, এর আগে গত ৬ নভেম্বর তদন্ত কমিটি একটি প্রাথমিক প্রতিবেদন দিয়েছিল। সেই প্রতিবেদনে বাংলাদেশের অভ্যন্তরীণ গ্রিডের ত্রুটির কারণেই ১ নভেম্বর সারা দেশে বিদ্যুত্ বিপর্যয় হয়েছিল বলে তুলে ধরা হয়েছে। কিন্তু কোথা থেকে এবং কেন এর উত্পত্তি তা নির্দিষ্ট করা যায়নি।
