চলচ্চিত্র পরিচালক এনায়েত করিম আর নেই

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ২০:৪১
 
চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য, প্রযোজক ও পরিবেশক মালিক সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এনায়েত করিম (৫৫) আর নেই(ইন্না----রাজিউন)।
বুধবার সকাল ৮টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধিন এনায়েত করিমের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী  রেখে গেছেন। ওই দিন দুপুর সাড়ে ১২ টায় এফডিসিতে প্রথম ও জোহরবাদ বাসাবো পদ্মা কানন সোসাইটির নিজ বাসভবনের সামনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় শিল্পি,পরিচালক ও প্রযোজক সহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওই দিন বিকেল ৩টায় সড়ক পথে তার লাশ বানারীপাড়া পৌরশহরের সজনী ভিলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার সকাল ৯টায় বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন পাইলট বিদ্যালয় মাঠে তৃতীয় ও সকাল ১০টায় তার বিদ্যাপিঠ বাইশারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে চতুর্থ জানাজা শেষে এনায়েত করিমের লাশ গরদ্দার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
১৯৮৫ সালে ‘রানী আমার নাম’ ছবির প্রযোজনার মধ্য দিয়ে তার চলচ্চিত্রে আনুষ্ঠানিক অভিষেক ঘটে। তার প্রযোজনা ও পরিচালনায় ‘দেশের মাটি’ ছবি জাতীয় চলচ্চিত্র পুরুস্কারে ভূষিত হয়। তিনি তার সজনী ফিল্ম’স ব্যানারে প্রায় অর্ধশত ছবি নির্মাণ করেছেন।
নারী আন্দোলন,রুটি,লাল চোখ,কালো চশমা,নষ্ট মেয়ে ও কদম আলী মাস্তান তার ব্যবসা সফল উল্লেখ যোগ্য ছবি।
তার মৃত্যুতে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার,বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস,সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সরোয়ার শোক প্রকাশ করেন।
গত রোববার রাতে এনায়েত করিম ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত হলে তাকে ল্যাব-এইড হাসপাতালে ভর্তি করা হয়।