সব কিছু আস্তে আস্তে শান্ত হয়ে আসছিল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই তিনি নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এসেছিলেন। তিন ম্যাচের টেস্ট সিরিজে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। ওয়ানডেতেও সেই সাকিব আল হাসান ছিলেন স্বরূপেই। একদিন আগেই ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে তিনি উঠে এসেছেন পাঁচ নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের ফল পেলেন তিনি।
তবে, আবারও মাঠের খেলোয়াড় নয়, অখেলোয়াড়সুলভ ঘটনায় শিরোনামে চলে আসলেন সাকিব আল হাসান। আর সেটা এতোটাই যে, চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে এর চেয়েও বড় শাস্তির মুখে পড়েছেন আরেক বাঁ-হাতি অফ স্পিনার সোহাগ গাজী। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচ চলাকালী সময়ে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
গেল সেপ্টেম্বরে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন সাকিব। বিদেশি লিগে খেলার নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার অপেক্ষায় আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী বোর্ডসভায় তার বিদেশি লিগে খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু তার আগে বুধবার আবারও বিতর্কে জড়িয়েছেন তিনি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। টসে হেরে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিব আল হাসানের দল রূপগঞ্জ। অধিনায়ক সাকিব বল করতে এসে ঘটান কাণ্ডটা। তখন ব্যাট করছিলেন প্রাইম ব্যাংকের ব্রেন্ডন টেলর। দল জিম্বাবুয়ে চলে গেলেও লিগ খেলতে তিনি বাংলাদেশেই থেকে গেছেন। একটা বলে সাকিব ও তার সতীর্থরা সমস্বরে এলবিডব্লিউর আবেদন জানান। কিন্তু তাদের আবেদনে সাড়া দেননি ম্যাচে দায়িত্বরত আম্পায়ার মিজানুর রহমান।
এরপর সাকিব আম্পায়ারের সঙ্গে তর্কে লিপ্ত হন। তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। এরপর ম্যাচ রেফারি ওবায়দুল হকের কাছে সাকিবের অসদাচরণের অভিযোগ করেন আম্পায়ার মিজানুর রহমান। এই ঘটনায় অসদাচরণের অভিযোগ এনে সাকিবকে জরিমানা করেন ম্যাচ রেফারি ওবায়দুল হক।
ঢাকায় সোহাগ গাজীর ঘটনাটাও অনেকটা একই রকম। মোহামেডানের ১৮৫ রানের জবাবে ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সোহাগ গাজী। নাঈম ইসলামের বলে আউট হওয়ার আগে ১৯ বল খেলে করেন ১৮ রান। আউট হওয়ার পরেই ঘটে আসল ঘটনা। আম্পায়ারের দেয়া এলবিডব্লিউয়ের সিদ্ধান্তটা মনপুত হয়নি গাজীর। ফলে, তার সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। তাই খেলা শেষে ম্যাচ রেফারি তাকে দশ হাজার টাকার জরিমানা ও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেন ম্যা
