বাংলাদেশ এবং শ্রীলংকা সরকারের মধ্যে আজ চাল রফতানির বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সারওয়ার খান এবং শ্রীলংকার পক্ষে লংকা সাথোসা লিমিটেডের চেয়ারম্যান নালীন ফারনান্ডো। প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৪৫০ ইউএস ডলার।
চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশ থেকে মোটা চাল আমদানির আগ্রহের কথা প্রকাশ করে শ্রীলংকান সরকার।
বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের অনাপত্তি পাওয়ার পর গত সেপ্টেম্বরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগতভাবে শ্রীলংকায় চাল রফতানির অনুমোদন দেয়।
বর্তমানে বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় চাল খালাসে অসুবিধা হবে বিধায় শ্রীলংকা আপাতত প্রথম পর্যায়ে ২৫ হাজার মেট্রিক টন চাল সরবরাহ নেবে। পরবর্তীতে সুবিধা মতো সময়ে শ্রীলংকা বাকি চাল ক্রয় করবে।
চুক্তি স্বাক্ষরের পর খাদ্যমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম সাংবাদিক সম্মেলনে বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় সাড়ে ১২ লাখ মেট্রিক টন খাদ্যশস্য গুদামে মজুদ আছে। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় আড়াই লাখ মেট্রিক টন বেশি।
তিনি বলেন, বাংলাদেশ যেকোন দেশের চাহিদা মোতাবেক ১ লাখ মেট্রিক টনের বেশি চাল রফতানি করতে প্রস্তুত রয়েছে।
চুক্তি স¦াক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খাদ্য সচিব মুশফেকা ইকফাৎ, শ্রীলংকার অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন অর্থ উন্নয়ন বিভাগের মহাপরিচালক এএমপিএমবি আতাপাত্তুসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
