বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চট্টগ্রাম শিগগিরই বিশ্বের একটি অন্যতম শিল্প ও বাণিজ্য নগরীতে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ও নির্দেশে এই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। তারই অংশ হিসাবে কক্সবাজারের মাতারবাড়ীতে স্থাপিত হতে যাচ্ছে বিদ্যুত্ কেন্দ্র, ভাসমান এলএনজি টার্মিনাল এবং কন্টেইনার টার্মিনাল। ১ দশমিক ৫ বিলিয়ন ডলারে পতেঙ্গায় চীনের অর্থায়নে স্থাপিত হতে যাচ্ছে আরো একটি জ্বালানি তেলের রিফাইনারি।
গতকাল বুধবার দুপুরে হালিশহর গরিবে নেওয়াজ স্কুলে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী উপরের কথাগুলো বলেন। তিনি মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদল প্রমুখ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবং চট্টগ্রাম মেলা পরিষদের প্রশাসক এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
