লিবিয়ার পূর্বাঞ্চলে ইসলামিব স্টেট তাদের প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করেছে বলে জানিয়েছে মার্কিন আফ্রিকা কমান্ড। বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জেনারেল ডেভিড রুদ্রিগেজ বলেছেন, ঐ ক্যাম্পে শত শত আইএস যোদ্ধা প্রশিক্ষণ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানিয়েছেন, ক্যাম্পটি খুব বেশি পুরনো নয়। তবুও এটি কিভাবে বিকাশ লাভ করেছে তা যুক্তরাষ্ট্র সতর্ককতার সাথে দেখছে।
২০১১ সালে মুয়ামার গাদ্দাফির পতনের পর লিবিয়ায় টালমাতাল অবস্থা চলছে। ক্ষমতা দখলের জন্য বিভিন্ন উপজাতি, মিলিশিয়া ও রাজনৈতিক দল যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কয়েকটি ইসলামি গোষ্ঠী দেশটির পূর্বে ক্ষমতা দখলের জন্য লড়াই করছে। এর মধ্যে কিছু জঙ্গি সংগঠন আইএসের সহযোগী হিসেবে ঘোষণা দিয়েছে।
