‘গত ২৩ নভেম্বর থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল ৮ টা ৮ মিনিট এবং বাংলাদেশ সময় সকাল ৭ টা ৮ মিনিটে থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুন গ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে আমার পুত্র সন্তান এই পৃথিবীতে জন্ম নেয়। তার নাম রেখেছি আমরা আরিজ। আরবি এই নামটির অর্থ বুদ্ধিমান এবং সম্মানিত।
এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। কি যে ভাল লাগা কাজ করছে বলে বোঝাতে পারবো না। আরিজকে নিয়েই যেন এখন আমার আর অনন্তের সব স্বপ্ন। আরিজ জন্ম নেয়ার পরপরই সবাইকে সংবাদটি জানাতে চেয়েছিলাম। কিন্তু আমি ডাক্তারের পরীক্ষাধীন থাকায় তা জানাতে কিছুদিন দেরি হলো। এখন আমি এবং আমার সন্তান আরিজ দু’জনই সম্পূর্ণ সুস্থ আছি।
সবাই আমাদের জন্য দোয়া করবেন’ - নিজের ফেসবুক পেজে এমনই বার্তা জানালেন বর্ষা। এখন মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছেন।
উল্লেখ্য নিজের নবাগত সন্তানের দেখভালের জন্য বর্ষা গত প্রায় দুই মাস ধরেই ব্যংককে অবস্থান করছেন। এমনকি একটি ক্যাম্প অফিস গড়ে বাবা নায়ক অনন্ত সেখান থেকেই তার ব্যবসার কাজকর্ম পরিচালনা করছেন। আরিজের পৃথিবী আগমন উপলক্ষে বাবা অনন্ত ফোনে জানান, ‘আল্লাহর কাছে অশেষ শুকরিয়া সুস্থ ও ফুটফুটে সন্তান উপহার দেবার জন্য। ওর আগামী পৃথিবী যেন সাফল্যমন্ডিত হয় সেই প্রার্থণা করবেন সকলে।’
