বিশ্বকাপের প্রাথমিক দলে নেই শেবাগ-যুবরাজ-জহির

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ২০:২৯

 

২০১৫ বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকরা। তবে সেখানে জায়গা পাননি ২০১১ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ পাঁচ সিনিয়র সদস্য বীরেন্দার শেবাগ, যুবরাজ সিং, হরভজন সিং, জহির খান ও গৌতম গম্ভীর।
অতীতে অসাধারণ পারফরমেন্স করলেও সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচক কমিটি ২০১১ বিশ্বকাপ জয়ী নায়কদের দল থেকে বাদ দেন। ধারণা অনুযায়ী সম্প্রতি নিজ মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের ১৪ সদস্যের দল এবং বিশ্রাম দেয়া এমএস ধোনি, ইশান্ত শর্মা, বরুণ এ্যারন, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, শিখর ধাওয়ান এবং রবীন্দ্র জাদেজাকে নিয়ে প্রাথমিক দল ঘোষণা করেছেন নির্বাচকরা।
এটা অত্যন্ত পরিস্কার যে, নির্বাচকরা তরুণ খেলোয়াড়দের উপড় গুরুত্ব দেয়ায় শেবাগ, হরভজন, গম্ভীর, জহির এবং যুবরাজদের মতো সিনিয়র দলে জায়গা পাননি। আগামী ৭ জানুয়ারি ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। বিশ্বকাপ শুরু হবে ১৪ ফেব্রুয়ারি।
৩০ সদস্যের প্রাথমিক দল : এমএস ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আজিঙ্গা রাহানে, রবিন উথাপ্পা, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইদু, কেদার যাদব, মনোজ তিওয়ারি, মনীষ পান্ডে, ঋদ্ধিমান সাহা, সনজু স্যামসন, আর অশ্বিন, পারভেজ রসুল, করণ শর্মা, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, উমেশ যাদব, বরুণ এ্যারন, ধাওয়াল কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, মোহিত শর্মা, অশোক দিনদা, কুলদিপ যাদব ও মুরালি বিজয়।