অস্ট্রেলিয়ায় প্রথম নারী চিফ পাইলটের দায়িত্বে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ১৮:৪২
 
অস্ট্রেলিয়ায় এই প্রথম একজন নারী চিফ পাইলটের দায়িত্ব পেলেন। পুরো বিশ্বে হাতে গোনা সামান্য সংখ্যক নারী এ দায়িত্বে রয়েছেন।
জেটস্টার বৃহস্পতিবার এক ঘোষণায় তাদের চিফ পাইলট হিসেবে জর্জিনা সাটনের নাম ঘোষণা করে। বর্তমানে তিনি কোয়ান্টাস বোয়িং ৭৬৭ এর ক্যাপ্টেনের দায়িত্বে রয়েছেন। ফেব্রুয়ারিতে তিনি চিফ পাইলটের দায়িত্ব নেবেন।
জেটস্টার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধান ডেভিড হল বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিক যোগ্যতা সম্পন্ন অনেক প্রার্থীকে ডিঙিয়ে ক্যাপ্টেন জর্জিনা সাটন এ পদের জন্য সফলভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আগামী বছরের প্রথমদিকে আমাদের সঙ্গে যোগ দেবেন।’
১৬ বছর বয়সে প্রথম আকাশে ওড়া সাটন বোয়িং ৭৪৭ ও ৭৬৭ চালিয়েছেন। এছাড়া তার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে ১৯৯২ সালে রাণী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপকে নিয়ে লন্ডন থেকে সিঙ্গাপুর যাওয়া। নতুন দায়িত্বে সাটনের অধীনে প্রায় ৯শ পাইলট কাজ করবেন।
এ ধরণের গুরুত্বপূর্ণ পদে বিশ্বে খুব স্বল্প সংখ্যক যে কজন নারী রয়েছেন সাটন তাদের একজন হচ্ছেন। আয়ারল্যান্ডের জাতীয় বিমান এয়ার লিংগাজ-এর চিফ পাইলটের দায়িত্বে রয়েছেন একজন নারী। তিনি ডেভিনা পার্ট। এএফপি