এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ১৩ হাজার রান পূর্ণ করেছেন শ্রীলংকান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। নিজের ৩৮৬তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। ক্রিকেট ইতিহাসে এক দিনের ম্যাচে ১৩ হাজারের বেশী রান করা চতুর্থ খেলোয়াড় হলেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান।
নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বুধবার হাম্বানটোটার তৃতীয় ম্যাচে ক্রিস ওকসের বলে এক রান নিয়ে ১৩ হাজার রান পূর্ণ করেন ৩৭ বছর বয়সী এ ব্যাটসম্যান।
সাঙ্গাকারার আগে ১৩ হাজার রান পূর্ণ করা তিন ব্যাটসম্যানই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন ভারতীয় আইকন শচিন টেন্ডুলকার। ৪৬৩ ওয়ানডে ম্যাচে তার মোট রান ১৮,৪২৬।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ৩৭৫ ম্যাচে ১৩,৭০৪ এবং শ্রীলংকার সনত জয়সুরিয়া ৪৪৫ ম্যাচে করেছেন ১৩,৩৪০ রান। টেস্ট ক্রিকেটেও ১২ হাজার থেকে মাত্র ১২ রান দূরে আছেন ২০০০সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানো সাঙ্গাকারা। ১২৮ টেস্টে তার সংখ্যা ১১,৯৮৮।
