ফখরুলসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১২ মার্চ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ২০:৩২
 
 
গাড়ি ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে রমনা থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১২ মার্চ পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে পরপর দুইটি তারিখে অভিযোগ গঠন পিছিয়ে গেল।
বৃহস্পতিবার মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ ও মির্জা আব্বাসসহ ৩ জনের পক্ষে সময়ের আবেদন করা হয়।
শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী ওই দিন ধার্য করেন।
চলতি বছরের ৫ জুলাই ২০১৪ তারিখে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দীপক কুমার দাস  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
প্রসঙ্গত, গত বছরের ২ মার্চ বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে শান্তিনগর মোড় পর্যন্ত বেলা ৫ টায় যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। এ ব্যাপারে পুলিশ মামলা করে।