এনসিটিবির সাবেক চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধানে দুদক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ২১:১৭
 
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্ক বোর্ডের (এনসিটিবি) সাবেক চেয়ারম্যান প্রফেসর মোস্তফা কামালের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার কমিশন তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ দিয়েছে।
দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদকে তদারককারী কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।
দুদক সূত্র জানায়, এনসিটিবির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল বই মুদ্রণে বিভিন্ন অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
মোস্তফা কামালের নেতৃত্বাধীন চক্রের বিরুদ্ধে গত ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত সময়ে পাঠ্যপুস্তক মুদ্রণে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এ সব দুর্নীতির মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা আত্মসাত্ করা হয়েছে।
কমিশন যাচাই-বাছাই শেষে এ সব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। আজ কমিশন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়ে দ্রুত সময়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে।