সড়ক দুর্ঘটনা রোধে আইন করুন: রওশন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৪, ২১:২৩
 
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, বাংলাদেশের প্রেক্ষিতে সড়ক দুর্ঘটনা মানেই বীভত্স মৃত্যুর খেলা। সড়ক-মহাসড়কগুলো রীতিমত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত বাড়ছে লাশের মিছিল। নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলার স্বার্থে জরুরি ভিত্তিতে নতুন আইন প্রণয়নের জন্য তিনি বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানান।
রওশন বলেন, সড়ক দুর্ঘটনার অধিকাংশ অদক্ষ চালকদের অসুস্থ প্রতিযোগিতা, ট্রাফিক আইন প্রয়োগে শৈথিল্য এবং দুর্ঘটনার পর দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়ার কারণেই সাংবাদিক জগলুল আহমেদচৌধুরী, মেধাবী ছাত্র মোরশেদ সাদীসহ অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও পরিবহনখাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় দ্রুত নতুন আইন চূড়ান্ত্ত করতে হবে। নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলার স্বার্থে সকল অসঙ্গতির বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেই কার্যকরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
৬৯ বছরে জিএম কাদের
জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের সহোদর ও সাবেক মন্ত্রী জিএম কাদের ৬৮ বছর পেরিয়ে ৬৯-এ পা দিলেন। জন্মদিন উপলক্ষে গতকাল দিনভর অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। রাত ১২টা ১ মিনিটে পরিবারের সদস্যদের নিয়ে তিনি কেক কাটেন। এছাড়া মুক্তিযুদ্ধ প্রজন্ম পার্টির উদ্যোগেও কেক কাটা হয়।