তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মাদকদ্রব্য ও আইন-শৃঙ্খলা প্রয়োগ বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম আর. ব্রাউনফিল্ড আগামী শনিবার ঢাকা আসছেন। বাংলাদেশে তিন দিনের সফরে তিনি আইন-শৃঙ্খলা প্রয়োগ বিষয়ে সরকারের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
রাষ্ট্রদূত ব্রাউনফিল্ড আগামী ৮ ডিসেম্বর সফরের শেষদিনে আঞ্চলিক আইনজীবীদের জন্য অনুষ্ঠিত ‘গুড গিভিং- কাউন্টারিং টেরোরিজম ফিনান্সিং এন্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম ইন দ্য চ্যারিটেবল কম্যুনিটি’ কনফারেন্সে বক্তব্য রাখবেন।
বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সহকারী মন্ত্রী ব্রাউনফিল্ড ২০০৭-২০১০ পর্যন্ত কলাম্বিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি ভেনেজুয়েলা ও চিলিতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
