সাবেক পরিবেশ ও বন মন্ত্রী, জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেছেন, শুধু মানুষের নয় বর্তমান সরকার প্রকৃতি সংরক্ষণেও গুরুত্ব দিচ্ছে। রাঙ্গুনিয়ায় স্থাপিত শেখ রাসেল এভিয়ারি পার্কে প্রাকৃতিক গাছপালা লতাগুল্মের পাশাপাশি পশুপাখি সংরক্ষণের নিরাপদ আবাসস্থল সৃষ্টি করা হয়েছে। সাথে সাথে পার্কে সৃষ্টি করা হয়েছে পর্যটন সুবিধা। জেলার রাঙ্গুনিয়ায় গতকাল বৃহস্পতিবার শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্কে স্থাপিত রোপওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজপথের বিরোধী দলের হাতে এ দেশ নিরাপদ নয়। তারা চলন্ত বাস থামিয়ে মানুষ পুড়িয়ে মারে। আন্দোলনের নামে গরু বোঝাই ট্রাকে আগুন লাগিয়ে গরু হত্যা করে। মুরগির খামারে তারা আগুন দেয়। তাদের বিকৃত মানসিকতা থেকে গাছপালাও রক্ষা পায়নি। সড়কের পাশের গাছ কেটে তারা পরিবেশ ধ্বংস করেছে। বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, রাঙ্গুনিয়ায় এভিয়ারি পার্ক স্থাপনে ড. হাছান মাহমুদের নাম অম্লান হয়ে থাকবে।
