চীনের মধ্যাঞ্চলে তিন হাজার বছর আগের একটি শক্তিশালী ভূমিকম্পের প্রমাণ পেয়েছেন ভূতত্ত্ববিদরা। দেশটির ইতিহাসে এটি প্রথম ভূমিকম্প বলে ধারণা করা হচ্ছে। খবর: এএফপির।
বৃহস্পতিবার ভূতত্ত্ববিদরা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, বর্তমানে হেনান প্রদেশের একটি এলাকায় ঐ ভূমিকম্পটি আঘাত হানে। এটির তীব্রতা ছিল ৬.৮ থেকে ৭.১ রিখটার স্কেল।
২০০৫ সালে প্রথমবারের মতো এই ভূমিকম্পের প্রমাণ উদঘাটন করা হয়। ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত এলাকার গ্রামের মাটির নিচে চাপা ছাইয়ের স্তুপ,তৎকালীন বাসস্থান ও কবর থেকে এর প্রমাণ মেলে। কার্বন পরীক্ষা করে জানা গেছে যে খৃষ্টপূর্ব ১৫০০ থেকে ১২৬০ এর মধ্যে এই ভয়াবহ ভূমিকম্প ঘটে। চীন খৃষ্টপূর্ব ৮৪৩ সালের আগ পর্যন্ত ভূমিকম্পের তথ্য সংগ্রহ শুরু করেনি।
সিনহুয়া জানায়, বিজ্ঞানীরা ধ্বংসস্তূপটি থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে। কঙ্কালটির শ্রোণী ও পায়ের হাড়গুলো তার দেহের উর্ধ্বাংশ থেকে ১.৫ মিটার (৫মিটার) দূরে চাপা পড়ে ছিল।
হেনান প্রদেশের ইনিস্টিটিউট অব কালচারাল রিলিক অ্যান্ড আর্কিয়োলোজির সহযোগী গবেষক চু জিয়াওলংয়ের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, ভূমিকম্পের আঘাতে মানুষটি ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
গবেষকরা সেখানে গবাদিপশু, শুকর ও অন্যান্য গৃহপালিত পশুর কঙ্কালেরও সন্ধান পেয়েছেন।
