জেমস বন্ডের পরবর্তী চলচ্চিত্র ‘স্পেকটার’

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ১৬:৪৩
 
বিশ্বখ্যাত স্পাই থ্রিলার জেমস বন্ডের পরবর্তী ছবির নাম হবে 'স্পেকটার', বাংলায় যার অর্থ হতে পারে 'অশরীরী'। এটি হবে কাল্পনিক ব্রিটিশ স্পাই জেমস বন্ডের ২৪তম চলচ্চিত্র।
বন্ড বা 'জিরো জিরো সেভেনের' ভূমিকায় এতে চতুর্থবারের মতো পর্দায় আসবেন ৪৬ বছর বয়স্ক ইংরেজ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ।
 
IMG0
 
'স্পেকটার' শব্দের অর্থ অশরীরী হলেও এটি কিন্তু কোন ভূতের ছবি নয়। এটি আন্তর্জাতিক অপরাধী চক্রের সংক্ষিপ্ত রূপ। জেমস বন্ডের স্রষ্টা ইয়ান ফেমিং প্রথম দিককার জেমস বন্ড সিরিজের বইগুলোতে ছিল। এছাড়া প্রথম বন্ড চলচ্চিত্র ‘ড.নো’তেও। স্পেকটারের পুরো নাম হচ্ছে 'স্পেশাল এক্সিকিউটিভ ফর কাউন্টার ইনটেলিজেন্স, টেররিজম, রিভেঞ্জ অ্যান্ড এক্সটরশন' অর্থাৎ যার কাজই হলো গোয়েন্দাগিরি, সন্ত্রাস, প্রতিশোধ এবং চাঁদাবাজি। কিভাবে জেমস বন্ড এবং তার বস 'এম' বহু বাধা মোকাবিলা করে এই সংগঠনের আসল চেহারা উন্মোচন করেন তা এই চলচ্চিত্রে দেখা যাবে।
 
IMG1
 
জেমস বন্ডের সুন্দরী বান্ধবীরা সব বন্ড মুভিরই এক বড় আকর্ষণ। স্পেকটারে দুই বন্ড গার্ল হিসেবে দেখা যাবে ইতালিয়ান অভিনেত্রী মোনিকা বেলুচ্চি, আর ফরাসি লি সেডুক্সকে।
এই ছবি পরিচালক হবেন স্যাম মেন্ডেজ, যিনি এর আগের বন্ড ছবি ‘স্কাইফলের’ও পরিচালক। নির্মাতাদল জানিয়েছেন, নতুন ছবি স্পেকটার মুক্তি পাবে আগামী বছরের অক্টোবরে। ছবির শুটিং হবে লন্ডন মেক্সিকো সিটি, রোম, তানজিয়ার, আর মরক্কোর এরফুদে। এছাড়া অস্ট্রিয়াতেও কিছু অংশ চিত্রায়িত হবে।
 
IMG2
 
স্পেকটারে জেমস বন্ড যে গাড়ি চালাবেন তা হচ্ছে একটি এ্যাস্টন মার্টিন ডিবি-টেন। সেটি বৃহস্পতিবার ইংল্যান্ডের বাকিংহ্যামশায়্যারে পাইনউড স্টুডিওতে এক অনুষ্ঠানে প্রদর্শিত হয়। সূত্র: বিবিসি।