প্রায় ২০ হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জারের চাকরি স্থায়িকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুত্ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।
সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পল্লী বিদ্যুত্ সমিতির অন্তত ২০ হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জার পদে দীর্ঘদিন ধরে চুক্তি ভিত্তিক অর্পিত দায়িত্বসহ অনেক অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশের সব পল্লী বিদ্যুত্ সমিতির গ্রেড একই হওয়ায় সবার বেতন বৃদ্ধি পেয়েছে। শুধু বেতন বৃদ্ধি হয়নি মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের। বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে বেতন দেয়া হয় পরিবার-পরিজন নিয়ে জীবন-যাপন করা খুবই কষ্টকর।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, তাদেরকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়। তারপর ছয় বছর করা হয়। পরবর্তীতে আন্দোলন করার পর নয় বছর চাকরির মেয়াদ উত্তীর্ণ করা হয়। যদিও অন্যান্য পদ স্থায়িকরণ করা হয়েছে। কিন্তু দীর্ঘ দিন ধরে তাদের স্থায়িকরণ করা হচ্ছে না। শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রালয়ের অধীনস্থ অধিবেশনে বাংলাদেশ শ্রম (সংশোধনী) অইন ২০১৩ পাশ হয়। সে আইনের ৪ ধারার ১১ নং উপধারায় বলা হয়েছে, কোন স্থায়ি প্রতিষ্ঠানে কাজের জন্য অস্থায়ি অর্থাত্ সাময়িক দৈনিক ভিত্তিক ও চুক্তি ভিত্তিক কোন শ্রমিক নিয়োগ দেয়া যাবে না। অথচ তারা পল্লী বিদ্যুত্ সমিতির চুক্তি ভিত্তিক কর্মচারী।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক অজয় চন্দ্র, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক প্রমুখ।
