আমরা বন্ধ শিল্প চালু করছি: শিল্পমন্ত্রী

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৪, ১৮:৪২


শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, আমেরিকার মত দেশ যখন শ্রমিক ছাটাই করে শিল্প-কারখানা সংকুচিত করছে তখন আমরা নতুন শিল্প শ্রমিক নিয়োগ দিচ্ছি, বন্ধ শিল্প পুনরায় চালু করছি। বিশ্বমন্দার কোন প্রভাব আমরা আমাদের শিল্প কারখানায় পড়তে দেইনি।
শুক্রবার সকালে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ২০১৪-১৫ আঁখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যেই দেশের ৭০ ভাগ জনগণকে শিক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার সঠিক পথেই এগিয়ে যাচ্ছে।
আমু বলেন, 'বিএনপি চেয়েছিল সংসদ নির্বাচন বাতিল করে এদেশে জঙ্গীবাদ প্রতিষ্ঠা করতে। কিন্তু আমরা নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। কাজেই বিএনপি যতই হুংকার আর আস্ফালন করুক না কেন, দেশের স্থিতিশীলতা নষ্টের জন্য বিএনপি’র হিংসাত্মক রাজনীতিতে মানুষ সাড়া দিবে না।’
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মাহমুদ উল হক ভুইয়া।