অবৈধভাবে ভারতে যাওয়া যেসব বাংলাদেশি বন্দীর সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু এখনও দেশে ফিরতে পারেন নি, তাঁদের জন্য একটা বিশেষ বন্দিশিবির খুলছে পশ্চিমবঙ্গ।
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়া কাউকে কারাগারে রাখা যাবে না, তাদের বিশেষ বন্দিশিবিরে রাখতে হবে।
সেই নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে এই প্রথম বিশেষ বন্দিশিবির তৈরি হচ্ছে।
কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কল্যাণীর উপ সংশোধনাগারটি বন্ধ করে দিয়ে এই বিশেষ বন্দিশিবির খোলা হবে।
পশ্চিমবঙ্গের কারা বিভাগের এক শীর্ষ কর্মকর্তার বরাতে খবরটি জানিয়েছে বিবিসি, যদিও আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনার কথা জানায়নি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
যেসব বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে আসার জন্য গ্রেপ্তার হয়ে সাজা খেটেছেন অথচ তাঁদের পরিচয় সম্বন্ধে বাংলাদেশ থেকে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায় নি, সেরকম বন্দীদেরই এই শিবিরটিতে রাখা হবে। এধরনের বন্দীদের ভারতে 'জান-খালাস' বলা হয়। ঐ কারা কর্মকর্তা বলেছেন, 'এই মুহূর্তে প্রায় ৪০০ বাংলাদেশী নাগরিক রয়েছেন, যারা সাজার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও জেলে থাকতে বাধ্য হচ্ছেন। তবে সবাইকেই আমরা কল্যাণীর এই শিবিরে এখনই জায়গা দিতে পারব না। আপাতত ১৫০ জন জান-খালাস বন্দীকে এখানে আনা হবে।'
পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে নভেম্বর মাসের হিসাব অনুযায়ী প্রায় ৩২০০ জন বাংলাদেশী নাগরিক রয়েছেন।
