অবৈধভাবে ভারতে আসার দায়ে ধরা পড়া যেসব বাংলাদেশি বন্দীর সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু এখনও দেশে ফিরতে পারেননি, তাদের জন্য একটা বিশেষ বন্দী শিবির খুলছে পশ্চিমবঙ্গ।
কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কল্যাণীর উপসংশোধনাগারটি বন্ধ করে দিয়ে এই বিশেষ বন্দী শিবির খোলা হবে।
রাজ্যের কারা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা এই তথ্য দিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনার কথা জানায়নি রাজ্য সরকার।
যেসব বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে আসার জন্য গ্রেফতার হয়ে সাজা খেটেছেন অথচ তাদের পরিচয় সমপর্কে বাংলাদেশ থেকে নিশ্চয়তা পাওয়া যায়নি, সেরকম বন্দীদেরই এই শিবিরটিতে রাখা হবে। এ ধরনের বন্দীদের বলা হয় ‘জান-খালাশ’।
ঐ শীর্ষ কর্মকর্তা বলেন, এই মুহূর্তে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন, যারা সাজার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও জেলে থাকতে বাধ্য হচ্ছেন। তবে সবাইকেই কল্যাণীর এই শিবিরে এখনই জায়গা দিতে পারব না। আপাতত ১৫০ জন জান-খালাশ বন্দীকে এখানে আনা হবে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে নভেম্বর মাসের হিসাব অনুযায়ী প্রায় ৩২০০ বাংলাদেশি রয়েছেন। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সাজার মেয়াদ শেষ হয়ে গেলে কাউকে কারাগারে রাখা যাবে না, তাদের বিশেষ বন্দী শিবিরে রাখতে হবে। সেই নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে এই প্রথম বিশেষ বন্দী শিবির তৈরি হচ্ছে বলে জানান কারা কর্মকর্তা।
