মানুষ চোখ ভালো করতে চিকিত্সকের কাছে যান। কিন্তু ভারতে চিকিত্সা করাতে গিয়েই ১৬ জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন! এনিয়ে দেশটিতে তোলপাড় চলছে।
ভারতে এর আগে সরকারি শিবিরে বন্ধ্যাকরণ করতে গিয়ে মৃত্যু হয়েছিল ১১ জন মহিলার। এবার পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুরে ছানি অপারেশন করতে গিয়ে ভালো চোখ হারাতে হলো ১৬ জনকে। এর জন্যও অভিযোগ সরকারি শিবিরের দিকেই। পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় ছানি অস্ত্রোপচারের জন্য শিবিরের আয়োজন করে সরকার অনুমোদিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শিবিরে অস্ত্রোপচারের জন্য তালিকায় আসেন ৬০ জন। যাদের মধ্যে ১৬ জন অমৃতসরে এবং বাকি ৪৪ জন গুরুদাসপুর জেলার।
অমৃতসরের পুলিশের ডেপুটি কমিশনার রবি ভাগত জানিয়েছেন, অমৃতসরের ইএনটি হাসপাতালে চিকিত্সাধীন ১৬ জন দৃষ্টিশক্তি একেবারেই হারিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। বাকিদের অবস্থা জানতে চেষ্টা করছে প্রশাসন। অভিযুক্ত চিকিত্সককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। - বিবিসি
