ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তৃতীয় দফা নির্বাচনের আগে এক সেনা ছাউনিতে দুই দফা জঙ্গি হামলায় নিহত হয়েছে ১৭ জন। এদের মধ্যে ১০ জন সৈন্য রয়েছে। হিমালয় অঞ্চলে গত এক বছরের মধ্যে ভারতীয় সেনাদের ওপর এটা সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও আইএএনএস’র।
কাশ্মিরের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখার কাছে উরি সেনা শিবিরের ফিল্ড আর্টিলারি ইউনিটে এই হামলা চালানো হয়। একজন সেনা কর্মকর্তা জানান, জঙ্গিরা সেনা শিবিরের চারপাশের কাঁটা তারের বেড়া কেটে ভেতরে ঢোকে। তারা রকেট চালিত গ্রেনেড দিয়ে সেনা শিবিরে হামলা চালায়। ওই সময় সেনা সদস্যরা বাঙ্কারের ভেতরে ছিলেন।এই হামলার কয়েক ঘণ্টা পর প্রাদেশিক রাজধানী শ্রীনগরে সেনাদের সঙ্গে জঙ্গিদের বন্দুক যুদ্ধ হয়। যুদ্ধে ছয় জন জঙ্গি নিহত হয়েছে বলে জানান ওই সেনা কর্মকর্তা। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেন, ভয়ঙ্কর জঙ্গি সংগঠনগুলো আমাদের শান্তি ও স্বাভাবিক অবস্থা ধ্বংস করতে যাচ্ছে, সেটা আবারো প্রমাণিত হলো। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মীর সফরের কথা রয়েছে। মোদীর সফরকে কেন্দ্র করে এবং স্থানীয় নির্বাচনে নিরাপত্তার জন্য রাজ্যটিতে বিপুলসংখ্যক নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।
