সোনা আটকের মামলায় আসামি ১০ বিমানকর্মী

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৪, ১৭:৫৮
শাহজালাল বিমানবন্দরে ১২৪ কেজি চোরাই সোনা আটকের ঘটনায় ১০ বিমানকর্মীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিমানবন্দর থানার ওসি শাহ আলম জানিয়েছেন, বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা জামাল বাদী হয়ে শুক্রবার রাতে এই মামলা করেন। 
১০ বিমানকর্মী হলেন- সুইপিং সুপারভাইজার আবু জাফর, এয়ারক্রাফট মেকানিক মাসুদ, সিকিউরিটি অফিসার কামরুল হাসান, ইঞ্জিনিয়ারিং অফিসার সালেহ আহমেদ, মজিবর রহমান, অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক আনিস উদ্দিন ভূঁইয়া, প্রকৌশল হ্যাঙ্গারের মেকানিক ওসমান গণি এবং জুনিয়র ইন্সপেকশন অফিসার শাহাজাহান সিরাজ, রায়হান আলী ও মাকসুদ।
বাকি চার আসামি হলেন- নেপালের নাগরিক গৌরাঙ্গ রোসান, ভারতীয় নাগরিক জেসন প্রিন্স, বাংলাদেশের এসএস কার্গোর চেয়ারম্যান মিলন শিকদার ও জসীম উদ্দিন।
গত বছরের ২৪ জুলাই বিমানের একটি কার্গো উড়োজাহাজে ১২৪ কেজি সোনা আটকের পর শুল্ক গোয়েন্দা বিভাগ একটি তদন্ত কমিটি করে। কিছু দিন আগে ওই কমিটি তাদের প্রতিবেদন রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে দেয়।