সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, দেশের বিচারব্যবস্থার ব্যাপক পরিবর্তন দরকার। এ লক্ষে ফৌজদারি কার্যবিধি, পুলিশ আইনসহ সাক্ষ্য আইন, দেওয়ানি কার্যবিধি ও প্রয়োজনীয় আইন সংশোধন করতে হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসকাবে আয়োজিত বিচার বিভাগ ‘পৃথকীকরণের সাত বছর’ শীর্ষক মুক্ত আলোচনায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানবাধিকার সংগঠন হিউম্যানিটি ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।
ড. আকবর আলি খান বলেন, বাংলাদেশে এখনো ব্রিটিশ আইনি ব্যবস্থা প্রচলিত, যা অত্যন্ত ত্রুটিপূর্ণ। এই আইনি ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। তিনি বলেন, আগে নিম্ন আদালতে জামিন না পেলে মানুষ উচ্চ আদালতে গিয়ে জামিন পেত। কিন্তু বর্তমানে নিম্ন ও উচ্চ আদালতের মধ্যে কোনো তফাৎ নেই। বিচার বিভাগের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা নেই। বিচার বিভাগে সৃজনশীল নেতৃত্ব দরকার।
আকবর আলি খান আরো বলেন, শুধুমাত্র পৃথকীকরণের প্রয়োজনে পৃথক করা নাকি মানুষের প্রয়োজনে বিচার বিভাগকে পৃথক করা তা নির্ধারণ করা প্রয়োজন। বিচারবিভাগ পৃথকীকরণের সাত বছরে আমাদের কতটা উন্নতি হয়েছে এবং সত্যি সত্যি জনগণ কি পেয়েছে তা বিশ্লেষণ করা দরকার।
