সাবেক মহিলা কাউন্সিলরকে পেটালেন পৌর মেয়র

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৪, ১৮:৫২
 
দাম্পত্য কলহের জের ধরে কমলগঞ্জ পৌরসভার মেয়র সাবেক এক মহিলা কাউন্সিলরকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আহত মহিলা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
সূত্রে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার চন্ডীপুর গ্রামের আলিম উদ্দিন ও শারমিন আক্তরের মধ্যে দাম্পত্য বিষয়ে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। শ্বশুর বাড়ির লোকজনের অভিযোগ, পুত্রবধূ শারমিনের সাথে কমলগঞ্জ পৌরসভার মেয়র আবু ইব্রাহীমের অবৈধ সম্পর্ক রয়েছে।
এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে শারমিন শিশু সন্তানকে নিয়ে কয়েকদিন পূর্বে শমশেরনগরে বাবার বাড়ি চলে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় শারমিন পুনরায় শ্বশুর বাড়িতে ফিরে আসেন। তার ফিরে আসার কিছুক্ষণ পর পৌর মেয়র আবু ইব্রাহীম এসে শারমিনের শাশুড়ি সাবেক মহিলা কাউন্সিলর ফাতেমা বেগম (৪৮)কে অকথ্য ভাষায় গালাগাল করেন। গালাগালের প্রতিবাদ করায় মেয়র আবু ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে ফাতেমা বেগমকে পিটিয়ে আহত করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতেই তাহাকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শুক্রবার রাতে ফাতেমা বেগম বাদী হয়ে কমলগঞ্জের পৌর মেয়র আবু ইব্রাহীম জমসেদকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সম্পর্কে কমলগঞ্জ পৌরসভার মেয়র আবু ইব্রাহীম জমসেদ বলেন, আমার উপর আনীত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। শারমীন আমার মেয়ের সমতুল্য। বিয়ের কাবিন নিয়ে সৃষ্ট দাম্পত্য কলহে আলীম উদ্দীন তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করে আহত করেছে। এ ঘটনার বিচার প্রার্থনা মেয়র হিসেবে শারমিন তার বাসায় আসলে তাদেরকে দুপুরের খাবার খাইয়ে সন্ধ্যায় বিদায় দেওয়া হয়েছিল বলে জানান।
কমলগঞ্জ থানার এসআই  জাহিদুল হক পৌর মেয়রের বিরুদ্ধে লিখিত অভিযোগের তথ্য নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।