কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এনামুল হক (৩৫) নামে একজন ‘চরমপন্থি নেতা’ নিহত হয়েছে। রবিবার রাত সোয়া তিনটার দিকে উপজেলার ভাঙা বটতলায় এই ঘটনা ঘটে। এনামুল পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক প্রধান বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, রাতে সাত থেকে আটজন চরমপন্থি শহিদুল ইসলামের ইটভাটায় চাঁদা নিতে আসে। খবর পেয়ে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে ল্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টার এই বন্দুকযুদ্ধের সন্ত্রাসীরা পিছু হটে। ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ এনামুল হককে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শার্টারগান, চার রাউন্ড গুলি, পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মাসুদসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, নিহত এনামুল মিরপুরের মালিহাদ ইউনিয়নের আসাননগর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন থানায় সাতটি হত্যাসহ মোট ২৪ মামলা রয়েছে। এর মধ্যে দুইটি মামলায় সে ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
