‘মাদক ব্যবসার প্রতিবাদ করায় সজলকে হত্যা করা হয়’

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ১৫:৪৯
মাদক ব্যবসার প্রতিবাদ করায় ফরিদপুরের গোয়ালচামট এলাকার হোটেল শ্রমিক সজল শেখকে (২৪) হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সজলের পরিবার। রবিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে গোয়ালচামট এলাকাবাসীর করা সাংবাদিক সম্মেলনে সজলের বাবা মো. ইমান শেখ ও মা সুফিয়া বেগমসহ পরিবারের সদস্যরা এ অভিযোগ করেছেন।
তাদের দাবি, গোয়ালচামটের বিহারী কলোনির হামেদ মল্লিকের বাড়িতে নিয়মিত মাদকসহ নান অপকর্মের আসর বসাতো বাড়ি মালিকের (হামেদ) ছেলে মো. সজিব মল্লিক। এ অন্যায় কাজে বাধা দেয়ায় পরিকল্পিতভাবে সজলকে হত্যা করা হয়।
সম্মেলনে অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের ১৬দিন পর ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশ মামলা গ্রহণ করলেও এজাহারে উল্লেখ করা আসামিদের নাম বাদ দেয়া হয়েছে।
এছাড়া সন্ত্রাসীরা মামলার বাদীকে প্রথমে মামলা তুলে নিতে টাকার লোভ দেখায়। আর এখন মামলা তুলে না নিলে প্রতিনিয়ত প্রাননাশের হুমকি দিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সজলকে তার নিজ ঘরে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর থেকেই এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে আসছে। আর এ সকল কর্মসূচি থেকে সজলের হত্যাকারীদের বিচার দাবি করা হচ্ছে।