অক্টোবরে টাইমস সেলিবেক্সের রেটিংয়ে সালমান খানকে সরিয়ে শীর্ষ অবস্থানে এসেছেন শাহরুখ খান। বলিউড তারকাদের বক্স অফিসে পারফরমেন্স, ব্রান্ডের প্রতিনিধিত্ব করা, দর্শকদের ওপর প্রভাব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার ওপর ভিত্তি করে ৫০ জন তারকাদের নিয়ে এই পরিসংখ্যান করা হয়েছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’। এটি তাকে বড় ধরণের সফলতা এনে দিয়েছে। এর ওপর ভিত্তি করে চতুর্থ অবস্থান থেকে প্রথমে চলে এসেছেন তিনি। সেপ্টেম্বরে এই তালিকার শীর্ষে ছিলেন সালমান খান। এই ‘কিক’ তারকা নতুন তালিকায় রয়েছেন চতুর্থ অবস্থানে। অন্যদিকে তৃতীয় অবস্থানে আছেন ‘ব্যাং ব্যাং’ তারকা হৃত্বিক রোশন। ফারাহ খানের পরিচালনায় ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির বদৌলতে ১৩তম অবস্থান থেকে তৃতীয় অবস্থানে উঠেছেন অভিষেক বচ্চন।
এরপরে রয়েছেন-অক্ষয় কুমার, শহীদ কাপুর, অমিতাভ বচ্চন, বোমান ইরানি, সনু সউদ, অনুপম খের, আমির খান, সাইফ আলি খান, রণবীর কাপুর, ফারহান আখতার, রণবীর সিং, ভিভান শাহ, ইরফান খান, অজয় দেবগন।
অন্যদিকে, প্রথম অবস্থান থেকে প্রিয়াংকা চোপড়াকে সরিয়ে সেখানে জায়গা করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। এর আগে দ্বিতীয় অবস্থানে ছিলেন দীপিকা। আর ‘মেরি কম’ তারকা গিয়েছেন পঞ্চম অবস্থানে। দ্বিতীয় অবস্থানে আছেন ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, কারিনা কাপুর। প্রিয়াংকার বোন পরিণীতি চোপড়া রয়েছেন ষষ্ঠ স্থানে। এরপরেই রয়েছেন-ইয়ামি গৌতম, আনুশকা শর্মা, সোনাক্ষি সিনহা, আলিয়া ভাট, সোনম কাপুর, ঐশ্বরিয়া রায় বচ্চন, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা ও অন্যান্যরা।
লক্ষণীয়ভাবে, ‘হ্যাপি নিউ ইয়ারে’র বদৌলতে সনু সউদ ৩২তম স্থান থেকে এসেছেন নবম স্থানে, বোমান ইরানি ২০তম স্থান থেকে অষ্টম স্থানে চলে এসেছেন। ফারহান খান ২২তম স্থান থেকে এসেছেন ১৪তম স্থানে। এছাড়া শহীদ কাপুর ১৮তম স্থান থেকে ষষ্ঠ ও সোনাক্ষি ১৭তম স্থান থেকে নবম স্থানে এসেছেন। সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
