নিলামে প্রিন্সেস ডায়নার গাউন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ১৭:০৬




ব্রিটেনে প্রয়াত প্রিন্সেস ডায়নার পাঁচটি গাউন নিলামে বিক্রি হয়েছে। লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত নিলামে প্রায় পাঁচ লাখ ডলারে পোশাকগুলো বিক্রি হয়।

নিলামে বিক্রি হওয়া তিনটি গাউন বানিয়েছেন ব্রিটেনের পোশাক প্রস্তুতকারী ক্যাথরিন ওয়াকার। ওয়াকার ডায়নার ঘনিষ্ঠ বন্ধুদের একজন এবং তার প্রিয় ডিজাইনার। অপর গাউন দুটির একটির ডিজাইন করেছেন ক্যারোলিন চার্লস ও অপরটি জেন্ড্রা রোডস।

ধারণা করা হচ্ছিল ক্যাথরিন ওয়াকারের করা গাউনগুলো ৬০ হাজার থেকে ৮০ হাজার ডলারে বিক্রি হবে। তিনটি গাউনের একটি পিংক কালারের। এটি ৭৫ হাজার ডলারে, আইভরি সিল্কের একটি ৭৬ হাজার ৮শ এবং সিল্ক জর্জেট গাউনটি বিক্রি হয়েছে ৮১ হাজার ২শ ৫০ ডলারে। উল্লেখ্য, ডায়না সিল্ক জর্জেট গাউনটি ১৯৯৩ সালে পরেন।
জেন্ড্রা রোডসের করা গাউনটি ৮০ থেকে এক লাখ ডলারে বিক্রির আশা করা হয় এবং বিক্রিও হয় এক লাখ ডলারে।
কিন্তু সবাইকে চমকে দিয়ে ডায়নার উলের কোট বিক্রি হয় এক লাখ ২৫ হাজার ডলারে। ধারণা ছিল এটি বিক্রি হবে ২০ থেকে ৪০ হাজার ডলারে। খবর বাসসের।