ডিএসইতে লেনদেন কমেছে ২৫ শতাংশ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ১৮:৩৩
 
রবিবার শেয়ারবাজারে সূচক কমার পাশাপাশি লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেন হয়েছে ৩৮৩ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় প্রায় সাড়ে ২৫ শতাংশ কম। এদিকে লেনদেন কমলেও বস্ত্র খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা বৃদ্ধির প্রেক্ষিতে এ খাতে বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা বেড়েছে।
ডিএসইর লেনদেনের প্রায় সাড়ে ১৭ শতাংশ হয়েছে বস্ত্র খাতের কোম্পানিগুলো ঘিরে। দর বৃদ্ধির ক্ষেত্রেও এ খাতের প্রাধান্য ছিল। ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানির ৬টিই ছিল বস্ত্র খাতের।
তথ্যে দেখা গেছে, মঙ্গলবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৮২২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৮৩ কোটি ৪৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৩০ কোটি ১০ লাখ টাকা কম।
লেনদেনকৃত ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭১ পয়েন্ট কমে ১৫ হাজার ১৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৪ কোটি ১৮ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১ কোটি টাকা কম।
লেনদেনকৃত ২২৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৮টির কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের।