‘রাতের আঁধারে পাঁয়তারা করছে বিএনপি’

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ১৮:২৫

পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বারবার আন্দোলনের ডাক দিয়েও সাড়া পাচ্ছে না বিএনপি। হয়তো আন্দোলনে সাড়া না পেয়ে তারা রাতের আঁধারে বিভিন্ন পাঁয়তারা করছে, যা শুভ লক্ষণ নয়।
আজ রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের একটা আরচণবিধি আছে। তারা বিএনপি নেত্রীর সাথে যে বৈঠকটি করেছেন, তা যদি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিরোধীদলে থাকাকালীন সময়ে তার সাথে হতো সেটাও আচরণবিধি লংঘন হতো। খালেদা জিয়া বিরোধী দলের অফিসিয়ালি নেত্রী নন, যেহেতু সংসদে তিনি এখন নেই। তার সাথে রাতের বেলা এ সকল বৈঠক আমার কাছে সঠিক মনে হয় নি। আমার মনে হয় বিএনপির মধ্যে একটা হতাশা কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, এ মুহুর্তে আন্দোলন নিয়ে সরকারের কোন মাথা ব্যথা নেই। তবে আন্তর্জাতিক উগ্রবাদী এবং তাদের এ দেশীয় দোসররা সক্রিয়, তাই এ ব্যাপারে সরকারও সজাগ রয়েছে। আমরা বিশ্বাস করি জনগণ আমাদের সহযোগিতা করবে, তারা সহিংসতা চায় না, টেররিজম চায় না, নাশকতা চায় না। বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, যদি তারা জনগণকে নিয়ে আন্দোলন করতে পারেন তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু সহিংস পরিস্থিতি দেশের মানুষের কাম্য নয়। সহিংসতা তাদেরকে (বিএনপিকে) বিপজ্জনক ভুলের দিকে ঠেলে দেবে। মন্ত্রীর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত মহাসড়কে চলাচলকারী ব্যাটারি চালিত ৫টি অটোবাইককে জরিমানা করা হয়। এসময় কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এবং সড়ক ও জনপথের (সওজ) কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।