সরকারকে টেনে-হিঁচড়ে নামানো হবে : মির্জা ফখরুল

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ১৯:৩০
 
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের জন্য যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। যারা গুম-হত্যা করেছেন একইভাবে তারাও মানবতাবিরোধী অপরাধ করেছেন। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলনে পরাজিত হয় না। বিজয়ের পরে গুম-হত্যার সঙ্গে জড়িতদের একইভাবে বিচার করা হবে। তিনি বলেন, সরকার যতোই গুম-খুন করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করুক, জনগণ তাদের ক্ষমতায় থাকতে দেবে না। র্যাব-পুলিশ ব্যবহার করে সাধারণ মানুষের ওপর যে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে সরকার, তা জনগণ আর সহ্য করবে না। এর চরম প্রতিশোধ জনগন নিবেই। খালেদা জিয়ার নেতৃত্বে এই সরকারকে টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হবে।
গুমের শিকার রাজধানীর সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি মাহবুব হাসান সবুজ ও ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কাজী ফরহাদ হোসেনের সন্ধান দাবিতে রবিবার নয়াপল্টনে ভাসানী ভবনে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শুধু ঢাকা মহানগরে ২৮ ছাত্রদল নেতাকর্মীকে গুম করা হয়েছে। গত বছর নভেম্বর, ডিসেম্বরে ৩১০ জনকে খুন ও ৬৫ জনকে গুম করা হয়েছে।